Main Menu

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সড়ক দুর্ঘটনার পর বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে দিনভর সাধারণ মানুষের ভোগান্তি শেষে সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট মহানগর পুলিশের সাথে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে পুলিশ প্রশাসনের কাছে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় আনা, পরিবহন শ্রমিকদের হয়রানি না করাসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। প্রশাসন এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
তবে ধর্মঘট প্রত্যাহার করা হলেও বৃহস্পতিবার দিনভর সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। দূরপাল্লার বাস না চলায় সিলেট থেকে জরুরী প্রয়োজনে অনেকেই বাইরে যেতে পারেননি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সকালে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশ নিতে সিলেট থেকে যাওয়া বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীরা ছিলেন চরম উৎকন্ঠায়।
প্রসঙ্গত, বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় স্থানীয় এক ইউপি সদস্যসহ দুই জন নিহত হন। পরে স্থানীয় জনতা ওই বাস ভাঙচুর করে অগ্নিসংগযোগ করে। এর প্রতিবাদে এবং ক্ষতিপূরণ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাতে সংগঠনের জরুরী সভা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়।

Share





Related News

Comments are Closed