Main Menu

সিলেটে পরিবহন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারের ফার্মেসী ব্যবসায়ী আজির মিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ট্রাক শ্রমিক ইউনিয়ন, মোগলাবাজার আঞ্চলিক শাখার সাবেক সহ-সভাপতি বেলাল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেলাল দক্ষিণ সুরমার ভরাউট গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।
বেলাল আহমদকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে সড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকরা। সোমবার দুপুর থেকে তারা সড়ক অবরোধ করে রাখায় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি পোহান যানজটে আটকা পড়া মানুষ।
পরে সিলেট মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-দক্ষিণ) ঘটনাস্থলে গিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে কথা বলেন। বেলাল আহমদকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে মীমাংসা করার আশ্বাস দেন তিনি। পরে ট্রাক শ্রমিকরা অবরোধ তুলে নেন।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া জানান, প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়া হয়েছে। বেলালকে মুক্তি দেয়ার জন্য আমরা প্রশাসনকে ৭২ ঘন্টার সময় দিয়েছি। এর মধ্যে তাকে মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি এসএম আতাউর রহমান জানান, আজির মিয়া হত্যাকাণ্ডে সম্পৃক্ততা থাকায় বেলালকে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed