Main Menu

বিশ্বনাথ থানা থেকে আসামীর পলায়ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানা থেকে মঙ্গলবার রাতে হাতকড়াসহ ডাকাতি মামলার রিমান্ডের আসামী রুহুল আমীন ওরফে আল-আমীন (২০) পালিয়ে গেছে। সে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাঘরেট ইছাগাঁও গ্রামের শফিউল আলম সুমন ওরফে উস্তার আলীর পুত্র। ডাকাত রুহুল আমীন পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার সকালে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ২৬ (তাং ২৪/০৮/১৬ইং)।
পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমীন সম্প্রতি একটি মামলায় শাহপরান থানায় গ্রেপ্তার হয়। এরপর বিশ্বনাথ থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় (মামলা নং ২৯, তাং ২৭/০২/১৬ইং) জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার দেখানোর জন্য ৩ আগস্ট আদালতে রিমান্ডের আবেদন করে থানা পুলিশ। ১৪ আগস্ট আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করে রুহুল আমীন ওরফে আল-আমীন’কে ৩দিনের (২২ আগস্ট থেকে) রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন সময়ে জিজ্ঞাসাবাদকালে ২৩ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে ডাকাত রুহুল আমীন হাতকড়াসহ পালিয়ে যায়। ওই সময় বিশ্বনাথ উপজেলা সদর এলাকা ছিল বিদ্যুৎ বিহীন। এছাড়া থানা পুলিশের সদস্যরা উপজেলার দুই গ্রামের মধ্যে বিরাজ করা চরম উত্তেজনা থামাতে ব্যস্ত ছিলেন বলেও জানা গেছে।
হাতকড়া নিয়ে ডাকাত রুহুল আমীন পালিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই বলেন, তাকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed