Main Menu

বাহরাইনে সিলিন্ডার বিস্ফোরণে দুই প্রবাসী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক : বাহরাইনে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। বাহরাইনের রাজধানী মানামা থেকে ২৫ কিলোমিটার দূরে আহমেদ টাউন ভুরিতে শনিবার স্থানীয় সময় দুপুর ২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছোট ছেলে সাজ্জাদ আলী (৩৪) ও একই উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দীন মাসুক (৪৩)।
জানা গেছে, পাঁচ বছর ধরে পাওয়ারফুল কনস্ট্রাকশন নামক একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তারা।
নিহত সাজ্জাদ আলীর মিশকাতুর নামে সাত মাসের ছেলে রয়েছে। ছেলেকে দেখতে আগামী মাসে তার দেশে আসার কথা ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত রিয়াজ উদ্দীন আট বছর ধরে বাহরাইনে থাকেন। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।
নিহতদের স্বজনরা জানান, ঘটনার সময় শ্রমিকরা নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একজন রান্না করার জন্য চুলায় আগুন জ্বালালে গ্যাসের সিলিন্ডারে ছিদ্র থাকায় তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সিলিন্ডারটি বিস্ফোরণ হলে পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে সালমানিয়া হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ আলী ও রিয়াজ উদ্দীন নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের শ্রমসচিব মহিদুল ইসলাম ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দীন সিকান্দার আহতদের সালমানিয়া হাসপাতালে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

Share





Related News

Comments are Closed