Main Menu

বিশ্বনাথে মিনিবাস-লেগুনার সংঘর্ষে নিহত ২, আহত ২০

ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের কাজিবাড়ি এলাকায় মিনিবাস ও লেগুনার মুখোমূখি সংঘর্ষে ২জন নিহত ও অন্তত ২০জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত লেগুনা চালককে মূমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। অন্যান্য আহতদেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে মিনিবাসের অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের কাজিবাড়ি এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি মিনিবাস (নং সিলেট জ- ১১-০৭২৬) ও বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা (নং ছ- ১১-১৪৬৩) এর সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ ৩জন যাত্রীর মধ্যে দু’জন ঘটনাস্থলেই নিহত ও চালক শাহিন আহমদ (৪০) গুরুতর আহত হয়। নিহতরা হলেন- ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের ইব্রাহিম আলীর পুত্র নছির আলী (৫০), একই ইউনিয়নের মালিকান্দি গ্রামের ইউনুছ আলীর পুত্র সাদিক মিয়া (৪৫)। তারা দু’জনই গোবিন্দগঞ্জের ব্যবসায়ি ও চালক শাহিন আহমদ নিহত সাদিক মিয়ার ভাতিজা বলে জানা গেছে।
সিলেটগামী মিনিবাসটি একটি সিএনজি অটোরিকসাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দূর্ঘটনার পর প্রায় ১ ঘন্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, লামাকাজি ট্রাফিক সার্জেন্ট শামীম আহমদ ও জয়কলস হাইওয়ে পুলিশ প্রধান সফিক আহমদের প্রচেষ্টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed