Main Menu

দক্ষিণ সুরমায় উদ্ধার হওয়া লাশটি স্যানিটারী মিস্ত্রির

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমার ঢালিমপুরে উদ্ধার হওয়া গলিত ও বিকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি একজন স্যানিটারী মিস্ত্রি। নিহতের নাম নাসির উদ্দিন (৪৫)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দিমারুন্ডা গ্রামের আব্দুল জাহিরের পুত্র। শুক্রবার রাতে পুলিশ ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে। ময়না তদন্তের সময় নিহতের প্যান্টের পকেটে ছোট ডায়েরী, প্যান্ট ও সার্ট দেখে নিহতের পরিবার নাসির উদ্দিনের লাশ সনাক্ত করেন।
এদিকে, নিহত নাসির উদ্দিনের ভাই আলা উদ্দিন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নং- ৬ (০৫-০৮-১৬)।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) অঞ্জন সিংহ জানান, ময়না তদন্তের সময় নিহতের প্যান্টের পকেটে ডায়েরী পেয়ে তার আত্মীয় স্বজনের কাছে মোবাইলফোনে যোগাযোগ করা হয়। তখন তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে লাশের প্যান্ট ও সার্ট দেখে লাশটি নাসির উদ্দিনের বলে তার পরিবারের লোকজন সনাক্ত করেন। তিনি বলেন, নিহত নাসির উদ্দিন একজন স্যানিটারী মিস্ত্রি ছিলেন। বুধবার সকালে (৩ আগষ্ট) কাজের উদ্দেশ্যে নাসির উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যাননি। পরে তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও নাসির উদ্দিনকে পাওয়া যায়নি। তিনি বলেন, এ ঘটনায় কারা জড়িত তার ক্লু সনাক্ত করতে তদন্ত চলছে।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৯ টার দিকে ঢালিমপুর-চান্দাই এলাকার রাস্তার পাশের একটি জঙ্গলে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা লাশটি স্থানীয় লোকজন দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় বস্তার মুখ খুলে পলিথিন দিয়ে মুড়ানো অবস্থায় গলিত ও বিকৃত হাত-পা বাঁধা লাশটি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। লাশের শরীরে এক ধরণের পাউডার দেয়া ছিল। ওইদিন রাতে ওসমানী হাসপাতালে গিয়ে তার পরিবার গলিত ও বিকৃত লাশটি নাসির উদ্দিনের বলে সনাক্ত করেন।

Share





Related News

Comments are Closed