Main Menu

নড়াইলে খাদ্যে বিষক্রিয়ায় ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া জামেয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমি মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এছাড়া অসুস্থ ২০ ছাত্রকে নড়াইল, যশোর ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত ছাত্ররা হলো মাদ্রাসার জামায়াত বিভাগের নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামের জব্বার হোসেনের ছেলে ইমামুল হক (১৬), সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মোরাদ শেখের ছেলে ও কেরাত বিভাগের ছাত্র আলিফ (৯) এবং শোভারঘোপ গ্রামের আফছার শেখের ছেলে মো. আশরাফুল (১৬)।

মাদ্রাসার জামায়াত বিভাগের শিক্ষক মো. ইব্রাহিম জানান, বুধবার রাতে ছাত্ররা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে ইমামুল হক (১৬) নামের এক ছাত্র প্রথমে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এরপর পর্যায়ক্রমে অন্য ছাত্ররা অসুস্থ হয়ে পড়লে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন আলিফ (৯) নামে আরেক ছাত্রের মৃত্যু হয়। এছাড়া খুলনায় নেওয়ার পথে আশরাফুল (১৬) নামে আরেক ছাত্রের মৃত্যু হয়।

এছাড়া গুরুতর অসুস্থ ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মুজিবর মোল্লার ছেলে আবদুল্লাহ আল মামুন (১৮), হামিদুর রহমানের ছেলে সেজান (১২), বাহিরগ্রামের মনিরুল বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (১৩), মফিজুর রহমানের ছেলে মনিরুল (১২)।

এছাড়াও সিঙ্গা গ্রামের ইউনুছ মোল্লার ছেলে সাইদুল (১৩), শুভারঘোপের মশিয়ার মোল্লার ছেলে মুস্তাকিন (১৫), কুদ্দুস শেখের ছেলে ওসমান (১১), দিলু সিকদারের ছেলে রেজওয়ান (১০) ও নিরালী গ্রামের লিটু মিয়ার ছেলে আবদুর রবকে (৮) নড়াইল সদর হাপসাতালে ভর্তি করা হয়েছে। এরা ওই মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনীক সাহা জানান, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অসুস্থদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed