Main Menu

শ্রদ্ধা ও ভালোবাসায় শাবির প্রথম উপাচার্যের চিরবিদায়

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রথম উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানিয়েছে শাবি পরিবার।
রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও ছদরুদ্দিন আহমদের ছোট জামাতা রুমান ইউনুস।
বক্তারা সকলে শাবির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজকের এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ চৌধুরীর অফুরন্ত অবদান তুলে ধরেন। সেই সাথে দেশ একজন বরেণ্য শিক্ষাবিদ হারালো বলে তারা মন্তব্য করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
জানাযার নামাজ শেষে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষে তার প্রতিনিধিদল, শাবি পরিবারের পক্ষে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আমিনূল হক ভূইয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, সাবেক এমপি বেগম জেবুন্নেসা হক, শাবি শিক্ষক সমিতির পক্ষে অধ্যাপক সৈয়দ সামসুল আলম, শাবির প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
পরে সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় তার লাশ গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। জানাযার নামাজ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. মতিউর রহমান।

Share





Related News

Comments are Closed