Main Menu

‘ওসমানীতে জঙ্গি তৎপরতার প্রমাণ মেলেনি’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের মাধ্যমে জঙ্গি তৎপরতার প্রমাণ পাননি গোয়েন্দারা। শনিবার দিনভর ওসমানী বিমানবন্দরে অভিযান চালিয়ে গোয়েন্দারা নিশ্চিত হন সিলেটের বিমানবন্দর ও কার্গো সেকশন ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে কোনো অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক অথবা মাদকদ্রব্য আসছে না। জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে শুরু হওয়া আন্তর্জাতিক কম্বিং অভিযান ‘অপারেশন আইরিন’র অংশ হিসেবে শনিবার ওসমানী বিমানবন্দরসহ দেশের তিনটি বিমানবন্দরে এ অভিয়ান পরিচালিত হয়।
শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ইমাম গাজ্জালি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয় সিলেটের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি বিশেষ টিম শনিবার সকাল সোয়া ৬টা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দিনব্যাপী অভিযানে নামে। এ সময় গোয়েন্দা দলটি বিমানবন্দরের টার্মিনাল ভবন এবং কার্গো সেকশনে রক্ষিত পণ্যসমূহ স্ক্যানিং ও ডগ স্কোয়াডের সাহায্যে দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা করে। অভিযান চলাকালে বিমানবন্দর কাস্টমস, ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, বিজিবি সহ অন্যান্য সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশে একযোগে অপারেশন আইরিন নামের বিশেষ এ অভিযানটি পরিচালিত হচ্ছে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডাব্লিউসিও) অধীনে ‘রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজো অফিস ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ (রাইলো এপি) এ অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন করছে। বাংলাদেশে এ অভিযানটি পরিচালনা করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ইতোমধ্যে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা, এয়ারফ্রেইট সার্কেল (ঢাকা), আইসিডি কমলাপুর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, বেনাপোল স্থল বন্দরসহ বাংলাদেশের বিভিন্ন বন্দর/শুল্ক স্টেশনে উক্ত অভিযানটি পরিচালিত হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সিলেটের ওসমানী, ঢাকার হযরত শাহজালাল (রহ.) চট্টগ্রামের চট্টগ্রামের শাহ আমানত (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে এ অভিযান পরিচালিত হয়।

Share





Related News

Comments are Closed