Main Menu

সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় বোমা হামলা মামলার চার্জ গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সাবেক মহিলা সাংসদ সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদের (জেএমবি) শীর্ষ নেতা মুফতী আব্দুল হান্নানসহ ৬ জঙ্গীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ৫ আসামীর উপস্থিতিতে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামান হিরো তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
মুফতি হান্নান ছাড়াও চার্জশিটভুক্ত অপর আসামীরা হচ্ছে- মোঃ মফিজুল ইসলাম, মুফতি মঈন উদ্দিন শেখ, শরীফ সাহেদুল আলম বিপুল, মোঃ দেলোয়ার হোসেন ও হুমায়ুন কবির হিমু। এর মধ্যে মামলার শুরু থেকেই হুমায়ুন কবির হিমু পলাতক রয়েছেন। এ মামলার মোট সাক্ষী ৩২ জন।
এপিপি এডভোকেট মাহফুজুর রহমান চার্জ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার চার্জশিটভুক্ত ৬ আসামীর মধ্যে ৫ জনকে আদালতে হাজির করা হয়। একজন আসামী পলাতক রয়েছে।
সূত্র জানায়, আদালত আগামী ২৮ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেছেন। মামলাটি দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিতে আদালত সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য ২০০৪ সালের ২৪ ডিসেম্বর বিকেল সোয়া ৪ টার দিকে নগরীর তাঁতীপাড়ায় সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় মহিলা আওয়ামী লীগের সভা চলছিল। এ সময় ওই বাসায় বোমার বিস্ফোরণ ঘটে। এতে সৈয়দা জেবুন্নেছা হক গুরুতর আহতসহ বেশ কয়েকজন মহিলা নেত্রী আহত হন। এ ঘটনায় কোতোয়ালী থানায় ৭৪ (২৪-১২-০৪) নং একটি মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে সর্বশেষ সিলেট সিআইডির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শামীমুর-উর-রশিদ পীর ২০১১ সালের ২৬ জুলাই হরকাতুল জিহাদের (জেএমবি)’ শীর্ষ নেতা মুফতী আব্দুল হান্নানসহ উল্লেখিত ৬ জঙ্গীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Share





Related News

Comments are Closed