Main Menu

সিলেটে ‘জঙ্গি সন্দেহে’ ২ ভার্সিটি ছাত্র আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘জঙ্গি সন্দেহে’ এক শিক্ষার্থীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার জানান, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা সোমবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসান জানান, ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা ওই তরুণকে আটক করে নিয়ে গেছে। তিনি বলেন, “জঙ্গি সন্দেহে তাকে ধরা হয়েছে।”
সহপাঠীরা জানান, আব্দুল আজিজের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে। নগরীর একটি বাড়িতে লজিং থেকে সে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত।

এদিকে একইদিন সন্ধ্যায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের পরীক্ষা চলছিলো। এসময় আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। আটক ওই শিক্ষার্থীর নাম মাহমুদুল করিম (২৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের ছাত্র এবং নগরীর জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন, “আমি শুনেছি মাহমুদুল করিমকে আটক করেছে পুলিশ। তবে কেন আটক করা হয়েছে এ সম্পর্কে আমি নিশ্চিত নই।”
লিডিং ইউনিভার্সিটির প্রক্টর রাশেদুল ইসলাম জানান, “জঙ্গি সংশ্লিষ্টতায় সন্দেহভাজন হিসেবে মাহমুদুল করিমের বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।” মাহমুদুলের অভিভাবকদের কাছ থেকে এমন তথ্য পেয়েছেন বলে তিনি জানান।
ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগে মাহমুদুলকে আটক করে সোমবার রাতেই ঢাকায় নিয়ে গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

 

Share





Related News

Comments are Closed