ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম মামুন নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিবির নেতা ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মুচড়াপাড়া-পুটিমারী গ্রামের লুৎফর হোসেনের ছেলে।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। একই সাথে তিনি ইসলামী ছাত্রশিবিরের শৈলকূপার ভাটই এলাকার সেক্রেটারি ছিলেন।
স্থানীয় একটি সূত্রে জানা যায়, গত ১ জুলাই সেবায়েত শ্যামানন্দ দাস বাবাজি নিহত হন। এ খুনের পরে ঝিনাইদহ জেলা শহরের পবহাটী গ্রামের টুলু মিয়ার বাড়ি থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় মামুনকে।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুটি গুলি, পাঁচটি বোমা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সোমবার দিবাগত রাতে পুলিশের একটি টহল দল ঝিনাইদহ-মাগুরা সড়ক দিয়ে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের দিকে যাচ্ছিল। সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি যাওয়ার পর পুলিশের টহল দলকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে ঝিনাইদহ থানার দুই কনস্টেবল আহত হন। ওই সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে সাইফুলের বাবা লুৎফর রহমান অভিযোগ করেন, গত ১ জুলাই শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শহরের পবহাটী গ্রামের টুলু মিয়ার বাড়ির ছাত্রাবাস থেকে পুলিশ তার ছেলেকে আটক করে নিয়ে যায়। বাবার ভাষ্যমতে খবর পেয়ে পরদিন শনিবার দুপুরে তিনি ও প্রতিবেশি কাজিপাড়া গ্রামের তপন কুমার ঘোষ ঝিনাইদহ সদর থানায় খাবার দিতে আসেন।
এ সময় দুর থেকে দেখেন সাইফুল থানা হাজতে আছে। দুর থেকে তাদের ইশারাও হয়। বিকাল ৩টার দিকে খাবার দিতে গেলে থানা থেকে জানানো হয় সাইফুল নামে থানায় কেউ নেই।
সাইফুলের মামাতো ভাই ব্যবসায়ী নাসির উদ্দীন জানান, সাইফুলকে পুলিশ গ্রেফতারের পর আমরা ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বিপুল ও শৈলকুপার এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইকে জানাই। তারা বলেছিলেন শিবির করলে আমরা কিছুই করতে পারবো না। এর পর থেকে আমরা চুপ হয়ে যাই।
নাসির জানান, পুলিশের হাতে আটকের ১৮দিন পর মঙ্গলবার সকালে শুনেছি সাইফুল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed