Main Menu

কানাইঘাটে ইজারাদার-কসাই বিরোধ তুঙ্গে, দেশীয় অস্ত্র উদ্ধার

বিশেষ প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার সড়কের বাজারে ইজারাদার ও কসাইদের মধ্যে বিরোধ এখন তুঙ্গে। বাজারের ইজারাদার (লেসি) ও ব্যবসায়ী কমিটির সেক্রেটারী কাওসার আহমদের অভিযোগ মাংস ব্যবসায়ীরা (কসাইগন) বাজারে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছে। তারা সরকারী বিধি মোতাবেক টোল পরিশোধ করছে না এবং রোগা গরু-মহিষ জবাই করে ওজনে মাংস কম দিচ্ছে। তাদের এ অন্যায়-অনাচারের প্রতিবাদ করায় তারা বাজারের ইজারাদার ও ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে চলেছে।
অপরদিকে মাংস ব্যবসায়ীরা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাজারের লেসি (ইজারাদার) তাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করছেন এবং ক্ষমতার দাপট দেখিয়ে উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দিয়েছেন। গত রমজান মাস থেকে এ বিরোধ চলে আসায় স্থানীয়ভাবে তা মিমাংসার উদ্যোগ নিলেও স¤প্রতি তা ভেস্তে গেছে। বিরোধ নিষ্পত্তিক্ষ লক্ষ্যে গত রোববার উপজেলার দিঘীরপার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক সালিশ সভার আয়োজন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। সভায় মাংস ব্যবসায়ীদের সরকারী নিয়ম মোতাবেক গরু-মহিষ জবাই ও ইজারাদারের টোল প্রদানের নির্দেশ দেয়া হয়। কিন্তু এরই মধ্যে একপক্ষ বাজারে দেশীয় অস্ত্র শস্ত্র মজুদ করে দাঙ্গার প্রস্তুতি নিলে সালিশ পন্ড হয়ে যায়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ সড়কের বাজারের ফাতেমা কমপেক্সের কাছ থেকে একপক্ষের জড়ো করা বেশকিছু লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। ফলে উত্তেজনা প্রশমনের বদলে আরো তীব্র আকার ধারন করেছে।
বাজারের লেসি (ইজারাদার) কাওসার আহমদ সরকারী নিয়মে টোল পরিশোধ ও মাংসের ব্যবসা পরিচালনায় অনিয়মসহ সকল প্রকার বিশৃংখলা ও উত্তেজনা নিরসনে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন। অপরদিকে বাজারের কসাইরা তাদের ব্যবসার নিরাপত্তা চেয়ে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির কসাইদের অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, বাজারের আইনশৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসআই তাপসকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে বুধবার সন্ধ্যায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সেল ফোনে বার বার কল করলেও তিনি সাংবাদিকের ফোন রিসিভ করেননি।

Share





Related News

Comments are Closed