Main Menu

ঢাকায় সন্ত্রাসী হামলায় ওসি সালাহ উদ্দীন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিময়ের ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান বলেন, সালাউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লেকভিউ ক্লিনিকের খুব কাছে ৭৯ নম্বর রোডে হলি আর্টিজান বেকারি ও আশপাশ ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা। আকাশে টহল দিচ্ছে র‌্যাবের হেলিকপ্টার।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদের দেহরক্ষী মফিজুল ইসলাম বলেন, এডিসি আহাদ, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রফিক ও এসআই জিয়া, ভাটারা থানার পরিদর্শক ইয়াছিনসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেকারির ভেতরে কয়েকজন আটকা পড়েছেন বলেও জানিয়েছে র‌্যাব।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারির ভেতরে গোলাগুলি শুরু হয়। রেস্টুরেন্টটি লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছে অবস্থিত। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১০ আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০), পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮) ও আলমগীর (২৬)। হোটেলের ভেতরে ৩ বিদেশিসহ প্রায় ২০ জিম্মি হয়ে পড়েছেন।
আব্দুর রাজ্জাক গলায় ও শরীরের অন্যান্য স্থানে, প্রদীপের বাম গাল ও ডান পায়ে, আলমগীরের ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা হোটেল ঘিরে রেখেছি। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

হলি আর্টিজান বেকারির কর্মকর্তা সুমন বলেন, আল্লাহু আকবর ধ্বনি দিয়ে তিন চার জনের একটি দল রেস্টুরেন্টে ঢুকে সবাইকে জিম্মি করার চেষ্টা করে। তখন রেস্টুরেন্টের ভেতরে সবাই দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় সন্ত্রাসীরা গুলি চালায়।

তবে, এ ঘটনার কারণ ও রেস্টুরেন্টের ভেতরের পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যায়নি। র‌্যাব-পুলিশ-বিজিবি ওই এলাকা ঘেরাও করে রেখেছে। ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা হাজির হয়েছেন। রেস্টুরেন্টের ভেতর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের জন্য প্রস্তুতি চলছে।
কূটনৈতিক জোন এলাকায় অবস্থিত এ হোটেলটি প্রবাসী, কূটনীতিবিদ ও মধ্যবিত্তদের কাছে জনপ্রিয়।

Share





Related News

Comments are Closed