সিলেটে পবিত্র জুমাতুল বিদা পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবং ইহকালের উন্নতি ও পরকালের মুক্তি কামনায় আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। রোজার ২৫তম দিনে পালিত হলো এবারের জুমাতুল বিদা। এ উপলক্ষে রমজানের শেষ জুমার নামাজ পড়তে সিলেট নগরীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। কোথায়ও তিল ধারনের ঠাঁই ছিল না।
রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়।
শুক্রবার (১ জুলাই) সিলেটের শাহজালাল, শাহপারণ মাজার মসজিদসহ নগরীর সকল মসজিদে জুমার নামাজে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। জুমাতুল বিদা উপলক্ষে সিলেটে নগরীর মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নগরীর অনেক মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিদের অনেকে মসজিদের বাইরে রাস্তায় কাতারবন্দী হয়ে নামাজ আদায় করেন। নামাজের আগে ইমামরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে খুতবা পাঠ করেন এবং নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
আরবি রমজান মাসের শেষ শুক্রবারে জুমা পরিচিত জুমাতুল বিদা হিসেবে। আজকের জুমায় অংশ নিতে সকাল থেকেই প্রস্তুতি নিয়ে মুসল্লিরা আসতে থাকেন মসজিদে মসজিদে। প্রস্তুতি নেন জুমার নামাজ আদায়ের জন্য।
এমনিতেই সপ্তাহে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এর ওপর রমজানের শেষ জুমা হওয়ায় এই দিনটিকে ফজিলতময় মনে করা হয়। যদিও জুমাতুল বিদার স্বতন্ত্র মর্যাদা ও তাৎপর্য সম্পর্কে হাদিসে তেমন কিছু উল্লেখ নেই।
তবে এ দিনটি রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এবার এর চেয়ে ভালো কোনোদিন আর পাওয়া যাবে না। সুতরাং এ পুণ্যময় দিনটির যথাযথ সদ্ব্যবহার করা উচিত বলে মনে করেন আলেমরা।
জুমাতুল বিদার মধ্য দিয়ে মূলত মাহে রমজানকে বিদায় জানানো হয়। তাৎপর্যপূর্ণ এ দিনটি আল কুদস দিবস হিসাবেও পালিত হয়। প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাদ্দাসে ইহুদিদের অবৈধ দখলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন।
পবিত্র কোরআনে জুমার নামাজ জামাতে আদায়ের নির্দেশ প্রদান করা হয়েছে, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি কর।’ (সূরা আল-জুমুআ, আয়াত-৯) জুমার নামাজ অপরিহার্যভাবে জামাতের সঙ্গে আদায় করা আবশ্যক বিধায় একাকী পড়ার বিধান নেই। এর মধ্যে জুমাতুল বিদার তাৎপর্য ও মাহাত্ম্য সর্বাধিক। রমজান মাসেরও সর্বোত্তম দিবস হলো জুমাতুল বিদা। যা মাহে রমজানে পরিসমাপ্তিসূচক শেষ শুক্রবারে পালিত হয়।
এই দিনে মুমিন মুসলমানদের ইমানি সম্মিলন হয়। এদিনে এমন একটি সময় আছে যে সময় মুমিন বান্দার মোনাজাত ও ইবাদত আল্লাহ বিশেষভাবে কবুল করেন। এ সময়টি হলো দ্বিতীয় খুতবার আজানের সময় থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। জুমার দিনের শ্রেষ্ঠত্ব ও ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সপ্তাহের সাত দিনের মধ্যে জুমাবার সর্বাধিক মর্যাদাবান ও নেতৃত্বস্থানীয় দিন। এ পুণ্য দিনে আদি পিতা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়। এদিন তিনি জান্নাতে প্রবেশ করেন। এদিন তিনি পুনরায় পৃথিবীতে আগমন করেন। এদিন তাঁর ইন্তেকাল হয়। এদিনেই কিয়ামত সংঘটিত হবে। এ পুণ্য দিনে এমন একটি সময় রয়েছে, যে সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়।’ (মিশকাত)
মাহে রমজানের বিদায়ী শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অতি মূল্যবান। এদিন সিয়াম শেষ হয়ে যাওয়ার সতর্কতামূলক দিবস। জুমাতুল বিদা স্মরণ করিয়ে দেয় যে রোজার শেষ প্রান্তে এর চেয়ে ভালো দিবস আর পাওয়া যাবে না। রোজার শুরু থেকে যেসব ইবাদত ব্যস্ততাবশত ফেলে রাখা হয়েছে, যে গুনাহখাতা মাফের জন্য ক্ষমা প্রার্থনা করতে ভুল হয়েছে, জুমাতুল বিদার দিনে দোয়া কবুল হওয়ার সময়ে এর বরকত হাসিল করা বাঞ্ছনীয়। নবী করিম (সা.) বলেছেন, ‘যে মুসলমান রমজান মাস পেল, কিন্তু সারা বছরের গুনাহখাতা মাফ করিয়ে নিতে পারল না, তার মতো হতভাগা আর নেই।’
যে তিনটি বিষয় জুমাতুল বিদাকে আল্লাহর করুণা, দয়া, ক্ষমা তথা মাগফিরাত ও নাজাত লাভের দিবস হিসেবে চিহ্নিত করেছে, তা হচ্ছে মাহে রমজান, জুমাতুল বিদা এবং শেষ শুক্রবার ‘আল-কুদস দিবস’। জুমাতুল বিদার বিশেষ তাৎপর্য এই যে রমজান মাসের শেষ শুক্রবার আল্লাহর নবী হজরত দাউদ (আ.)-এর পুত্র মহামতি হজরত সুলায়মান (আ.) জেরুজালেম নগর প্রতিষ্ঠা করেন এবং আল্লাহর মহিমা তুলে ধরতে সেখানে পুনর্নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের প্রথম কিবলা ‘মসজিদ আল-আকসা’। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির পর তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে ‘বায়তুল মোকাদ্দাস’ বা‘মসজিদ আল-আকসা’।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed