Main Menu

তাহিরপুরে প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র বিরুদ্ধে আড়াই লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। ঘুষ না দেয়ার জের ধরে ৪০ দিনের কর্মসৃজন কর্মসুচি প্রকল্পের বরাদ্দের সরবরাহপত্র (ডিও) দিচ্ছেন না পিআইও। উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলামের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ঘুষ দাবির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন।
সংশ্লিস্ট সুত্রে জানা যায়, চলতি ২০১৫-১৬ অর্থবছরে কর্মসৃজন কর্মসুচি (প্রথম ধাপ) বাস্তবায়নে তাহিরপুর সদর ইউনিয়নে দুটি প্রকল্পে ১৬০ জন শ্রমিকের ৪০ দিনের মুজুরি ১৩ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের কাজ শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে গিয়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বরাদ্দের সরবরাহপত্র চাইলে প্রকল্প কর্মকর্তা আড়াই লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের দাবিকৃত টাকা না দিলে ডিও দিবেন না বলে জানিয়ে দেন প্রকল্প কর্মকর্তা। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমাদের নিকট আড়াই লাখ টাকা ঘুষ দাবি করেছেন, টাকা না দিলে ৪০ দিনের কর্মসৃজন কর্মসুচি প্রকল্পের বরাদ্দের সরবরাহপত্র দিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম বলেন, ঘুষ দাবির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, চেয়ারম্যান ও ইউপি সদস্যরা আমার কাছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ব্যাপারে ঘুষ দাবির বিষয়ে অভিযোগ করেছেন।

Share





Related News

Comments are Closed