Main Menu

নতুন দল করছেন বিদিশা?

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক নতুন দল গঠন করতে যাচ্ছেন। এই দলকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল হিসেবেও অন্তর্ভুক্ত করা হবে, এমন তথ্যই জানিয়েছেন বিদিশার ঘনিষ্ঠ সূত্র। খবর: রাইজিংবিডি

সূত্র জানায়, বিদিশা ইতিমধ্যে দলের নামও ঠিক করেছেন। নতুন দলের নাম রাখা হচ্ছে ‘জনদল’। প্রথমে জাতীয় পার্টি নামে নামকরণ করার চিন্তা করলেও তার শুভাকাঙ্ক্ষীরা এর বিরোধিতা করায় শেষ পর্যন্ত ‘জনদল’ নাম ঠিক করা হয়েছে। তবে সবকিছুই চূড়ান্ত হবে বিএনপি চেয়ারপারসনের সবুজ সঙ্কেতের পরে। তিনি সিগন্যাল দিলেই নতুন দল নিয়ে রাজনীতির মাঠে ঝাঁপিয়ে পড়বেন। তার এই আত্মপ্রকাশ ঈদের আগে কিংবা পরে হতে পারে।

এ বিষয়ে বিদিশা সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাজনীতিতে আগে থেকেই ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সময় হলে সবকিছু জানতে পারবেন। এ মুহূর্তে বেশি কিছু বলতে চাই না।’

বিদিশার ঘনিষ্ঠ সূত্র জানায়, নতুন দলের চেয়ারম্যান হবেন বিদিশিা সিদ্দিক নিজেই। মহাসচিব হবেন আহসান হাবিব লিংকন। আহসান হাবিব লিংকন একসময় জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য।

এ বিষয়ে জানতে আহসান হাবিব লিংকনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র আরো জানায়, বিদিশার নতুন দলে জাতীয় পার্টি (জাফর) থেকে অনেক নেতা-কর্মী যোগ দিচ্ছেন। বিশেষ করে দলটির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, স্বেচ্ছাসেবক পার্টির মফিজুর রহমান লিটন প্রমুখ। এ ছাড়া জাতীয় পার্টির (এরশাদ) নেতা-কর্মীরাও বিদিশার দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে।

এ ব্যাপারে জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মফিজুর রহমান লিটন বলেন, ‘বিদিশার নেতৃত্বে নতুন দল গঠিত হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের নির্দেশে এই দল গঠন করা হচ্ছে। এতে আমিসহ দলের অনেকেই যোগ দিচ্ছি।’

সূত্র আরো জানায়, বিদিশার নতুন দল গঠনের চরম বিরোধিতা করছে জোটের শরিক দল জাতীয় পার্টি (জাফর)। তারা কোনোভাবেই চাচ্ছেন না বিদিশা নতুন দল গঠন করুক। কাজী জাফরের দলের বিরোধিতায় বিদিশার নতুন দল গঠনের প্রক্রিয়া ঝুলেও যেতে পারে বলে জানিয়েছেন অনেকেই।

জাতীয় পার্টি (জাফর) থেকে কেউ যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে দলটির মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী মোস্তফা জামাল হায়দার জানান, ‘প্রশ্নই আসে না। আমাদের দলের কেউ যাচ্ছে না। বিদিশার নতুন দল নিয়ে আমাদের কারো আগ্রহ নেই।’

বিদিশার ঘনিষ্ঠ সূত্র জানায়, ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশার দৌড়ঝাঁপ রয়েছে। ওইসব দেশের সরকার ও ক্ষমতাসীন দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও রয়েছে সুসম্পর্ক।

bidisha siddik2জানা গেছে, বিদিশার এই আন্তর্জাতিক যোগাযোগকে কাজে লাগাতে চান বিএনপি নেত্রী খালেদা জিয়া। তাই তাকে এখন থেকেই মাঠে সক্রিয় দেখতে চান তিনি। তারই ধারাবাহিকতায় হঠাৎ করে খালেদা জিয়ার ইফতার পার্টিতে হাজির হন বিদিশা।

জানা গেছে, খালেদা নিজেই তাকে বিশেষভাবে দাওয়াত দিয়েছেন। নেত্রীর পক্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ দাওয়াতপত্র পৌঁছে দেন। খালেদার ইফতারে অংশ নেন বিদিশা সিদ্দিক।

শুধু তাই নয়, বিএনপি নেতৃত্বাধীন জোটের দলগুলোর অধিকাংশ ইফতারে এখন তাকে দাওয়াত দেওয়া হচ্ছে। বিদিশা সিদ্দিকও বিভিন্ন ইফতার মাহফিলে যোগ দিয়ে রাজনীতির মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছেন।

Share





Related News

Comments are Closed