Main Menu

ভোট চাইতে গিয়ে প্রার্থীর সন্তান প্রসব

বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী মর্জিনা খাতুন ভোট চাইতে গিয়ে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। পরে প্রসূতিসহ নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১৮ মে) বিকেলে উপজেলার দক্ষিণ কড়াইকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মর্জিনা খাতুন সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড ভুক্ত এলাকার সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী হয়েছেন। প্রতিদিনের মতো আজো তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও প্রচারণার জন্য গ্রামে বের হন। দক্ষিণ কড়াইকান্দি গ্রামে ভোট প্রার্থনার সময় হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে এবং কোনো প্রকার অসুবিধা ছাড়াই একটি ছেলে সন্তানের জন্মদেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এহসানুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান মা ও নবজাতক সন্তান দু’জনেই ভালো আছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ৬ষ্ঠ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জুন উপজেলার ৩ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed