Main Menu

শিক্ষক হত্যা ও যবিপ্রবির ঘটনায় শাবিতে বিক্ষোভ

শাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকিকে নির্মমভাবে হত্যা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের অর্জুনতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাসের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের সভাপতি স্বপন দেবনাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়েৎ আহম্মেদ, শাবি শাখার দপ্তর সম্পাদক তৌহিদুজ্জামান জুয়েল, ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রণয় কান্তি বিশ্বাস প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে যে হত্যাকান্ড চলছে তার বিচার না হওয়ায় রাবি শিক্ষক ড. রেজাউল করিম হত্যার মতো ঘটনা ঘটছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
বক্তারা যবিপ্রবিতে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলারও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান।

Share





Related News

Comments are Closed