Main Menu

৩ কোটি টাকার অবৈধ সম্পদ: সিসিকের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. সহিদুল ইসলাম চৌধুরী ওরফে শহীদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন এবং দুদকের নোটিশের পরও সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মামলাটি করা হয়।

দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে শহীদ চৌধুরীর নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এর পরিপ্রেক্ষিতে তাকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয় দুদক। গত ৫ জানুয়ারি জারি করা ওই নোটিশ অনুযায়ী, বিধি মোতাবেক ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শহীদ চৌধুরী সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি।

দুদকের এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণী দাখিল না করায় শহীদ চৌধুরী দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অভিযোগেই তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

২০২৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর শহীদ চৌধুরীকে তার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী ও শহীদ চৌধুরী আত্মগোপনে চলে যান। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে তারা দুজনই যুক্তরাজ্যে অবস্থান করছেন।

Share





Related News

Comments are Closed