এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এমনকি অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা হলে তা ‘১০০ কোটি মানুষের মৃত্যুর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে সরকারি নিয়ন্ত্রণ এবং নজরদারি প্রয়োজন বলেও জানান।
রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
গেটস বলেন, এআই খাতের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি কেমন হবে, সে বিষয়ে আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আলোচনায় যুক্ত হতে হবে। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা প্রয়োজন।
এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ আরোপ করলে প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু অতিরিক্ত খরচ হবে বলে মন্তব্য করেন গেটস। তবে এতে প্রযুক্তির উন্নয়ন উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাবে না বলেও তিনি মনে করেন।
সাক্ষাৎকারের আরেক অংশে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আরও কঠোর সতর্কবার্তা দেন গেটস। তিনি বলেন, সর্বাধুনিক এআই প্রযুক্তি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা বিপুল প্রাণহানির মতো ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে।
এআই বন্ধ করার জন্য ‘কিল সুইচ’ রাখার ধারণা নিয়েও কথা বলেন গেটস। তার মতে, শুধু একটি কিল সুইচ থাকলেই যথেষ্ট নয়। তবে এআই এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি যে নিজে থেকেই কম্পিউটার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে আর বন্ধ করা যাবে না।
আগস্টের শেষ দিকে প্রকাশিত প্রায় ৬ হাজার শব্দের একটি প্রবন্ধেও এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন গেটস। এর আগে প্রযুক্তি খাতের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এআই উন্নয়নের গতি কমানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও ২৩ সেপ্টেম্বর একটি আইন প্রস্তাব করেন। এতে নিরাপত্তা ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটও এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির কর্মী ও বিভিন্ন অধিকারকর্মী ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।
গেটসের সাক্ষাৎকারের শেষ দিকে এআই ব্যক্তিগত জীবনে কতটা ব্যবহার করেন, তা জানতে চান উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার। জবাবে গেটস জানান, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি এআই ব্যবহার করেন না। পরিবার ও বন্ধুদের কারণে এ ক্ষেত্রে তার এআইয়ের প্রয়োজন হয় না।
সূত্র: দ্য গার্ডিয়ান
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed