Main Menu

মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের দুই ভাই রুবেল মিয়া ও রুমান মিয়াকে ফাঁসির আদেশ এবং এই অপরাধে সহায়তাকারী অপর দুই আসামি একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, নিহত মো. আজিজুল মিয়া এলাকার একজন সালিশ বিচারক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৩ সালে একটি গ্রাম্য সালিশ বিচারকে কেন্দ্র করে আসামিপক্ষ অসন্তুষ্ট হয়ে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।

এই মামলায় আরও ৪ জন আসামি ঘটনার সাথে জড়িত না থাকায় নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত খালাস দেন।

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী ও স্বজনরা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন এবং আইনি লড়াই চালিয়ে যাবেন।

মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকৃত আসামিদের দণ্ড প্রদানে বাদীপক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও বাড়েছে। অপরাধীরা বুঝতে পারবে যে অপরাধ করে আইনি সাজা থেকে রেহাই পাওয়া যায় না। মামলার বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed