জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ০৮। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে নাম উল্লেখ করা ব্যক্তিদের সবাইকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী বলে দাবি করা হয়েছে। মামলায় যুবলীগ নেতা শামীম আহমদকেও আসামি করা হয়েছে।
এজাহারনামীয় আসামিরা হলেন—পলাশপুরের মৃত আফতাবুর হোসেন নেতাই মিয়ার ছেলে আজহার হোসেন চৌধুরী (২৮), জকিগঞ্জ পৌরসভার বসনপুর (খলাছড়া) গ্রামের খছরুজ্জামানের ছেলে খালেদ আহমদ (২২), খাসেরার মৃত তেরা মিয়ার ছেলে আশিকুর রহমান চৌধুরী আশিক (২৮), জকিগঞ্জ পৌরসভার আনন্দপুরের তোতা মিয়ার ছেলে নাঈম আহমেদ (২২), খাসেরার জালাল উদ্দিনের ছেলে দেলোয়ার তালুকদার (২৭), পুকরার আনোয়ার হোসেনের ছেলে সালমান আহমদ (২৫), হাতিডহরের মৃত শরীফ উদ্দিনের ছেলে লিমন আহমদ (২৪), হাতিডহরের মুজিবুর রহমান রুফই মিয়ার ছেলে ইখতিয়ার হোসেন (২৫), উত্তর কসকনকপুরের রেদোয়ান আহমদ (২৬), কসকনকপুরের আব্দুল মন্নানের ছেলে ইমরান আহমদ (২৮), উত্তর কসকনকপুরের জাকারিয়া আহমদ স্বপনের ছেলে মহসিন আহমদ (২৫), পল্লীশ্রীর নিতেন্দ্র বিশ্বাসের ছেলে নিবাশ বিশ্বাস, মাতারগ্রামের জালাল উদ্দিনের ছেলে তানভীর আহমদ (২৫), বারগাত্তার আব্দুস সবুর লস্করের ছেলে আবিদ হোসেন লস্কর (২৪), বারঠাকুরীর ফারুক আহমদের ছেলে পিয়ার আহমদ (৩২), উত্তরকুলের মৃত আব্দুল মজিদের ছেলে আলী আহমদ (৩৫), পলাশপুরের মৃত আফতাবুর হোসেন নেতাই মিয়ার ছেলে দেলোয়ার হোসেন চৌধুরী (৩২), তিরাশির পাখি মিয়ার ছেলে আইনুল আহমেদ (২৬), সুন্দরারচকের কবির আহমদের ছেলে জুনেদ আহমদ (২৭) এবং পীরেরচকের আব্দুস সাত্তারের ছেলে যুবলীগ নেতা শামীম আহমদ (৪২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পল্লীশ্রী বাজারের পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী সমবেত হন।
পুলিশের দাবি, ওই ব্যক্তিরা সরকারি কার্যক্রম ব্যাহত করা, উন্নয়ন বাধাগ্রস্ত করা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নাশকতার পরিকল্পনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন। এ সময় জকিগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ সরকারি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পরিকল্পনা করা হয়েছিল বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মিরাজুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সোমবার সকাল ৮টার দিকে পল্লীশ্রী বাজারে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি তানভীর আহমদকে মঙ্গলবার ভোররাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জকিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed