Main Menu

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১৮ জন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃতদের মধ্যে সুনামগঞ্জের দুই শিশু এবং মৌলভীবাজারের এক শিশুর তথ্য উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের চিকিৎসা হয়েছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাবেও মৃত্যুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সিলেটে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে।

হবিগঞ্জে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং নিশ্চিত হামে ৪ জনের। মৌলভীবাজারে সন্দেহজনক মৃত্যু ১৪ জনের এবং নিশ্চিত মৃত্যু ১ জনের। আর সুনামগঞ্জে সন্দেহজনক হামে ৬২ জনের মৃত্যু হয়েছে; নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক—দুই ধরনের হিসাব মিলিয়ে মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০ জন এবং সন্দেহজনক হামে ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed