Main Menu

অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এসব অনলাইন পোর্টাল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

এর আগে জনস্বার্থে রিট আবেদনটি করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

রিট আবেদনে বলা হয়, দেশে পরিচালিত বিভিন্ন অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে নিয়মিতভাবে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্যের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি সামাজিক অস্থিরতার আশঙ্কাও তৈরি হচ্ছে।

এসব গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

শুনানি শেষে আদালত বিটিআরসি চেয়ারম্যানকে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং যথাযথ ব্যবস্থা না নেওয়ার বিষয়ে রুল জারি করেন আদালত।

রিটকারী আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু বলেন, দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Share





Related News

Comments are Closed