Main Menu

কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০


বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল, ট্রাক্টর, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও পূর্বপাড়া ও নয়াগাঙেরপাড় গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরে রাত সোয়া ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টুকেরগাঁও গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে নানু মিয়ার সঙ্গে নয়াগাঙেরপাড় গ্রামের কলমন্দর আলীর ছেলে নিজামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল, দা ও বল্লম নিয়ে গ্রামীণ সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষের সময় উভয়পক্ষ টর্চলাইট জ্বালিয়ে দীর্ঘ সময় ধরে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হন। চারজন নারীসহ বেশিরভাগ আহত ব্যক্তি ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল, ট্রাক্টর, দোকানপাট ও কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ও ছয় রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের কয়েকজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী বলেন, পুলিশের দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়েছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আ. মন্নান মনাফ বলেন, সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে উভয়পক্ষ একমত হয়েছে। পাশাপাশি দুই গ্রামের লোকজনকে ফেসবুকে কোনো ধরনের উসকানিমূলক পোস্ট বা মন্তব্য না করার জন্য বলা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share





Related News

Comments are Closed