সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রতিবাদ সমাবেশ
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলামের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষক ও কর্মকর্তারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন আন্দোলনকারীরা।
সমাবেশে সাদা দলের শিক্ষক ও কর্মকর্তারা অভিযোগ করেন, বর্তমান উপাচার্যের দায়িত্বকালে নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও নানা ধরনের অপকর্ম সংঘটিত হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা।
আন্দোলনকারীরা বলেন, উপাচার্য অবিলম্বে পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে উপাচার্যের অপসারণ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর লিখিত আবেদন পাঠানোর কথাও জানান তারা।
এর আগে উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ১১টি প্রশাসনিক পদ থেকে ৯ শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেন।
তবে শুরু থেকেই এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম। তার দাবি, তাকে হেয় করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যেই এসব অভিযোগ তোলা হচ্ছে।
এদিকে উপাচার্যের অপসারণের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
Related News
আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
বৈশাখী নিউজ ডেস্ক: সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোরRead More
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদRead More



Comments are Closed