কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে এবং শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)।
এর আগে, গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ-সমর্থিত কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ব্যানারে ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল করেন। কানাইঘাট সদর ইউনিয়নের চতুল-দরবস্ত সড়কের বারহাল সেতুর ওপর এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় মিছিলকারীরা।
এ ঘটনায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কানাইঘাট থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেল সিরাজ-সমর্থিত কানাইঘাটের চতুল এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও বর্তমানে প্রবাসে থাকা এমএ কামালসহ আরও কয়েকজনের অর্থায়নে ওই মিছিল করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিছিলের ঘটনায় মামালা দায়েরের পর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed