Main Menu

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩০ 

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৭ জনে। একই সময়ে নতুন করে ৭৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে তথ্যটি জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা বিভাগের বাসিন্দা। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১২৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ১০৭, চট্টগ্রাম বিভাগে ৮৯, ময়মনসিংহ বিভাগে ২৭ ও রংপুর বিভাগে ডেঙ্গু নিয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন।

এ ছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ১৫ জন ছাড়াও বরিশাল বিভাগে আট, ময়মনসিংহ বিভাগে ছয়, চট্টগ্রাম বিভাগে পাঁচজন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed