Main Menu

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে। এর মধ্যে একজন মাত্র প্রাপ্তবয়স্ক, বাকিরা সব শিশু।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ১৯ মাস বয়েসি এ শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবার সকাল থেকে আজ (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ল্যাব টেস্টে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৬৯ জন রোগী নিয়ে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৭৪ জন রোগি হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৯ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৬ জন, ল্যাব এইড হাসপাতালে ৫ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ২ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং উইমেন্স মেডিকেল হাসপাতালে ১ জন।

এদিকে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ হাম ও উপসর্গে মারা গেছেন ৮৩ জন। এর মধ্যে ৪ জন সরাসরি হাম রোগে ও বাকিরা উপসর্গে মৃত্যুবরণ করেছেন।

Share





Related News

Comments are Closed