Main Menu

ভারতের তিন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ- সিলেটের কাছাকাছি তিনটি এলাকায় সোমবার (২৯ জুন) ভোরে মৃদু ভূমিকম্প হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার কাছাকাছি সময়ে ভারতের মেঘালয়, মণিপুর ও অরুণাচল প্রদেশে ভূকম্পন অনুভূত হয়।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।

দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন এবং উৎপত্তিস্থলের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র সাত কিলোমিটার গভীরে।

তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশের আরও কাছে, ভারতের মেঘালয় রাজ্যে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে রাজ্যের পশ্চিম খাসি পাহাড়ে ২ দশমিক ৯ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর কয়েক ঘণ্টা আগে, বাংলাদেশ সময় রোববার রাত ১টা ৪০ মিনিটে ভারতের অরুণাচয় প্রদেশে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩ দশমিক ২, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এছাড়া, সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে, তার খুব কাছে রোববার সন্ধ্যা ৬টার দিকে চার মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed