Main Menu

হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিদপ্তরের একটি যৌথ দল অংশ নেয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় জি ওয়ান বেকারির মালিক মো. আবু ইউসুফকে ৩০ হাজার টাকা, মেসার্স আক্তার স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স জননী ভান্ডারের মালিক রাজু পালকে ১০ হাজার টাকা, মেসার্স দোহা স্টোরের মালিক মোশাহিদ মিয়াকে ৮ হাজার টাকা এবং মেসার্স মা ভ্যারাইটিস স্টোরের মালিক রূপক পালকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed