Main Menu

ঈদে মিলছে টানা সাতদিনের ছুটি

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে এক দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি শুরু হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবেকদরের সরকারি ছুটি রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে।

প্রস্তাব অনুমোদন হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস হবে ১৬ মার্চ। এর ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ঈদ ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবার সাধারণ ছুটি থাকবে। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি হওয়ায় ঈদের ছুটির পরেও টানা তিন দিনের অবকাশ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের চাপ কমানো এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Share





Related News

Comments are Closed