Main Menu

মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে বিএনপি নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী গাজী তাহমিদ খান (২৫) নিহত হয়েছেন৷

বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই দিন সন্ধ্যায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হয় তাহমিদ খান।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর সদরের ট্রাফিক মোড়ে পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজির অনুসারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে তাহমিদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

মীরসরাই জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত একজন হাসপাতালে নেয়ার পরে মারা গেছে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি।

জানা গেছে, নিহত তাহমিদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য ছিলেন। পরবর্তীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোরারগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলো। কিছুদিন আগে সে নিজ এলাকায় ছাত্রদলে যোগদান করে।

Share





Related News

Comments are Closed