Main Menu

সমুদ্রে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সমুদ্রের মাঝে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল)–এর বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সিন্ধু উপকূলের সুজাওয়াল জেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্র অঞ্চলে এই কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করেছে পিপিএল।

ইসলামাবাদে এক তেল–গ্যাস সম্মেলনের বিরতিতে গণমাধ্যমকে বিষয়টি জানান পিপিএলের জেনারেল ম্যানেজার (এক্সপ্লোরেশন ও কোর বিজনেস ডেভেলপমেন্ট) আরশাদ পালেকার।

তিনি বলেন, ‘প্রায় ছয় ফুট উচ্চতার এই প্ল্যাটফর্ম উচ্চ ঢেউ মোকাবিলা করতে সক্ষম হবে, ফলে দিন–রাত নির্বিঘ্নে তেল ও গ্যাসের অনুসন্ধান চালানো যাবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পাকিস্তানের সম্ভাব্য বৃহৎ তেলসম্পদে আগ্রহ দেখানোর পর দেশটির সমুদ্র-ভিত্তিক ড্রিলিং কার্যক্রম নতুন গতি পেয়েছে। এ প্রেক্ষিতে পিপিএলসহ মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাসকে নতুন অফশোর অনুসন্ধান লাইসেন্স দেওয়া হয়েছে।

আরশাদ পালেকার জানান, পাকিস্তানে প্রথমবার পরিচালিত হতে যাওয়া এই প্রকল্পটি আবুধাবির একটি সফল প্রকল্পের মডেল অনুসরণে তৈরি হচ্ছে। কৃত্রিম দ্বীপে ড্রিলিং প্ল্যাটফর্ম নির্মাণও প্রায় শেষ পর্যায়ে।

তিনি আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বীপ নির্মাণকাজ সম্পন্ন হবে। এরপর ২৫টি কূপ খননের লক্ষ্যে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে পাকিস্তানে পরিবেশবান্ধব জ্বালানির সরবরাহ বৃদ্ধি পাবে এবং সমুদ্রগামী বড় জাহাজগুলোর পূর্ব থেকে পশ্চিমে দীর্ঘ রুটে যাত্রা আরও সহজ হবে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ তেল ও গ্যাসের চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প।

Share





Related News

Comments are Closed