Main Menu

আরও ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পর রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996-এর সংশ্লিষ্ট বিধিতে মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ প্রকাশিত ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে রংপুর বিভাগের ৫৩ জনের নাম বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গেজেট নিয়ে অসঙ্গতি ও অভিযোগ ওঠায় তালিকা পুনঃপরীক্ষা করা হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি জানান, বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে যে তালিকাভুক্তদের কেউ কেউ আন্দোলনে অংশ নেননি বা আহত হননি- এসব বিষয়েই সরকার উদ্বিগ্ন।

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করেছিল মন্ত্রণালয়। বর্তমানে সরকারি হিসেবে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

এদিকে এবারই প্রথমবারের মতো ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে নাম বাতিল হলো। সরকারি তালিকা অনুযায়ী ‘অতি গুরুতর আহত (ক)’, ‘গুরুতর আহত (খ)’ ও ‘আহত (গ)’- এই তিন শ্রেণিতে জুলাই যোদ্ধার সংখ্যা এখন পর্যন্ত ১৩ হাজার ৮০০ জন।

Share





Related News

Comments are Closed