Main Menu

হবিগঞ্জে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে ১০ বছর বয়সী শিশু সৌরভ দেবনাথের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ বিষধর সাপ সৌরভকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাপে কামড় শনাক্ত করতে না পারায় শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহত শিশু সৌরভ দেবনাথ সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের ছেলে এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী সমিরন দেবনাথ বলেন, “আমার ভাতিজা খেলতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। মাধবপুর হাসপাতালে নেয়ার পরও সাপে কামড় শনাক্ত করতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”

স্থানীয় বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। আজ তার দাফন সম্পন্ন হয়েছে।”

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর জানান, “সাপে কাটার প্রতিষেধক ভ্যাকসিন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে রোগীর অবস্থা অনুযায়ী তা প্রয়োগ করা হয়। সংশ্লিষ্ট চিকিৎসক বিষধর সাপের কামড় কিনা শনাক্ত করতে না পারায় প্রতিষেধক দেয়া হয়নি এবং রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।”

Share





Related News

Comments are Closed