Main Menu

সিলেটের জাফলংয়ে লুট হওয়া ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্টে লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে সিলেট জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে থানাপুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। এতে লুট করা পাথরবোঝাই ট্রাক জব্দ করে দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১৩ আগস্ট মঙ্গলবার পর্যন্ত জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় প্রকাশ্যে বালু-পাথর লুটের ঘটনা ঘটে। লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে মামলা হলেও অদৃশ্য কারণে সেই মামলা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।

তবে এই মামলায় বিএনপি নেতা জাফলংয়ের শাহ আলম স্বপন ও রফিকুল ইসলাম শাহপরান পাথর লুটের সাথে অভিযুক্ত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পর্যটন কেন্দ্র জাফলংয়ের বালু-পাথর লুট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদন ও সতর্কতার পর প্রশাসন এই উদ্যোগ নেয়।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জানায়, পাথর লুট রোধে যৌথবাহিনী চব্বিশ ঘণ্টা পাহারায় থাকবে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলং জিরো পয়েন্ট থেকে রাতের আঁধারে লুট হওয়া পাথর সস্থানে প্রতিস্থাপনের জন্য অভিযান চলছে। প্রয়োজনে রাতভর অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed