মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ৮.৯৩ টাকা মজুরি বৃদ্ধির প্রতিবাদে এবং দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণের দাবিতে মঙ্গরবার বিভিন্ন চা-বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে সিলেটের খাদিম চা-বাগান, মৌলভীবাজারের কালিটি চা-বাগান এবং হবিগঞ্জের লালচান্দ চা-বাগানে ৮.৯৩ টাকা মজুরি বৃদ্ধির প্রতিবাদে এবং ৬০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবানে চা-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯ থেকে ১০ পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশে শত শত চা-শ্রমিকরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে চা-শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারের আমলে ২০২৩ সালে ১ আগস্ট প্রকাশিত এক সরকারি গেজেটে ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়া হয়। ঘোষণা অনুযায়ী ২০২৪ সালে চা-শ্রমিকদের মজুরি সাড়ে আট টাকা বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় এবছর ২০২৫ সালের ১১ আগস্ট মজুরি ৮.৯৩ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদ। মাত্র ৮.৯৩ টাকা মজুরি বৃদ্ধি চা-শ্রমিকদের সাথে চরম অমানবিক আচরণ।
বক্তারা বলেন, যেখানে একটা পানের দাম দশ টাকা, একটা ডিমের দাম ১২ টাকার বেশি সেখানে মাত্র ৯ টাকা মজুরি বৃদ্ধি চা-শ্রমিকদের সাথে তামাশা পূর্ণ আচরণ।
সমাবেশে বক্তারা বলেন, মজুরি বৃদ্ধি যদি চা-শ্রমিকদের কোন কাজেই না লাগে তবে সে মজুরি বাড়িয়ে কি লাভ? বর্তমান বাজারের যে উর্ধগতি সেখানে মাত্র ৯ টাকা মজুরি বাড়িয়ে চা-শ্রমিকদের সাথে প্রতারণা করা হচ্ছে। দৈনিক মাত্র ১৮৭.৪৩ টাকা দিয়ে কারো পক্ষেই সংসার চালানো অসম্ভব। তাই আমাদের বাঁচার মত মজুরি ৬০০ টাকার দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।
বিভিন্ন চা-বাগানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাদিম চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি এবং চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর সভাপতি সবুজ তাঁতি, সমন্বয়ক মনীষা ওয়াহিদ, কিরণ বাউরি, অনিতা নায়েক, কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম কালোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক, কার্তিক, অনিমা অলমিক, বিশ্বজিত দাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুমন মুন্ডা, রিংকু ভৌমিক, বকুল ভৌমিক, রঞ্জিত মৃধা, রীতা মৃধা প্রমুখ।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed