কেনিয়ায় আবাসিক ভবনে আছড়ে পড়ল বিমান, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: উড্ডয়নের পরপরই বিমানে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ, খুব বেশি কিছু করার সময়ও পাননি পাইলট। মাত্র তিন মিনিট উড়েই আবাসিক একটি ভবনে আছড়ে পড়ে বিমানটি; সঙ্গে সঙ্গে ধরে যায় আগুন। ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন।
মর্মান্তিক এ বিমান দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায়। দেশটির রাজধানী নাইরোবিতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, নাইরোবিতে চিকিৎসা সেবাদানকারী সংস্থা আমরেফ ফ্লাইং ডক্টরসের মালিকানাধীন ছিল বিধ্বস্ত বিমানটি।
সংস্থাটি জানায়, বৃহস্পতিবার দুপুরে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা গন্তব্যে যাত্রা করা বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের গিথুরাই এলাকায় একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।
কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। চিকিৎসক, নার্স ও পাইলট রয়েছেন এদের মধ্যে। এছাড়া নিচে থাকা আরও দুইজন প্রাণ হারান এ ঘটনায়। সেইসঙ্গে আরও দুজন গুরুতর আহত হন।
কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারী দল পাঠানো হয়েছে।
আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বিমানে তাদের চারজন কর্মী ও ক্রু সদস্য ছিলেন। সংস্থাটির প্রধান নির্বাহী স্টিফেন গিতাউ বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি আমরা। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে কেনিয়া ডিফেন্স ফোর্স ও জাতীয় পুলিশ বাহিনী।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed