Main Menu

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রকৌশলী ও কলেজছাত্র নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মেহেরপুর শহরের বনবিভাগ কার্যালয়ের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (গাংনী)র সহকারী প্রকৌশলী ও এক কলেজছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে বনবিভাগের সামনের সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খায়। এত গুরুতর আহত হন দুই আরোহী।

স্থানীয়রা তাদের উদ্ধার করে তড়িঘড়ি করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন মোঃ এ কে এম মাহফুজুর রহমান (৪৭), সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য বিভাগ, গাংনী)। তার মোটরসাইকেলের নম্বর: ঢাকা মেট্রো হ-৩৬-৫৪২৯। তিনি মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা ও মৃত হাসান আলীর ছেলে।

অপর নিহত মোঃ আকমল হোসেন (২০) মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি শেখপাড়ায়। পিতা বাবু মির। তার ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর: মেহেরপুর হ-১৩-৫১৯৪।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই বাইকারের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সড়কে অসতর্কতার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed