Main Menu

সিলেটে জুয়েলারি দোকানে চুরি, ২৫০ ভরি স্বর্ণ লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় আল-হামরা শপিংমলের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় ওই শপিং সিটির নুরানি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।

জুয়েলারি দোকানের মালিক মো. জাবেদ চৌধুরীর দাবি, তার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি স্বর্ণ চুরি হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়নি।

জানা গেছে, আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় নুরানি জুয়েলারি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকানে যান কর্মচারীরা। দোকান খুলে দেখেন কোনো স্বর্ণ নেই। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মালিক পক্ষের দাবি, শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়া হয়। স্বর্ণ লুটে নিয়ে যাওয়ার সময় দোকানে নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা।

দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী বলেন, দোকানে প্রায় আড়াইশ ভরি স্বর্ণ ছিল। এসব স্বর্ণের দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিংমলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed