Main Menu

ভারতে পলায়নকালে ইউপি চেয়ারম্যান ও তার দুই সহযোগী আটক

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে বিদেশি মদসহ হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগ সভাপতি হাবিবুর রহমান (৩৮) এবং তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে জৈন্তাপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত অন্য ২ জন হলেন, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১)ও একই ইউনিয়নের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫)।

পুলিশ জানায়, জৈন্তাপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল সড়কে সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে কালো রংয়ের প্রাইভেট কারে (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮) তল্লাশি চালায়। এ সময় কারে থাকা দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের ১টি এবং আরেকটিসহ মোট ৩ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। পরে এ তিনজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকের পর তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে পুলিশের একটি সুত্র দাবি করেছে সিলেট সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন ইউপি চেয়ারম্যান ও তার দুই সহযোগী।

Share





Related News

Comments are Closed