Main Menu

সিলেটে ৩৪ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরের কয়েকটি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯ এর অভিযানে মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

গত বুধ থেকে শুক্রবার (১৬-১৮ অক্টোবর) পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-১৯ জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে তাদের সোনারখেওর বিওপি’র একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মিকিড়পাড়া নামক স্থান হতে মালিকবিহীন ৪৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এসবের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৯৮ হাজার টাকা।

একইদিন সকাল ১০টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাংগিল নামক স্থান হতে ৪ হাজার ২৮০টি ভারতীয় চশমা জব্দ করে। এসবের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৮৪ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সোনারখেওর বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ভাল্লুকমারা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ভারতীয় ইয়ামাহা (R-১৫) মোটরসাইকেল জব্দ করে। যার বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

একইদিন ভোর ৫টার দিকে লোভাছড়া বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাগানবাজার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২০ ফুট ভারতীয় কাঠ জব্দ করে। যার মূল্য ৩০ হাজার টাকা।

এছাড়া বুধবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী চাংগিল নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনি এবং ১টি ডিআই পিকআপ জব্দ করে। এসব মালামালের আনুষ্ঠানিক মূল্য ১৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

তিনদিনের আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করেছে বিজিবি।

 

Share





Related News

Comments are Closed