Main Menu

সুনামগঞ্জে দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করে ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।

শনিবার (৩০ মার্চ) মধ্য রাতে সুনামগঞ্জের শহরতলীর মইনপুরে এ ঘটনা ঘটে।

নিহত আমির উদ্দিন (৪৫) ওই গ্রামের রসিদ আলীর ছেলে। তিনি মুদি দোকানদার ছিলেন।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, আমির উদ্দিন বসতঘরের পাশেই মুদি দোকানে বসবাস করতেন। তাঁর দোকানে বেচা-কেনা ভালো হতো। প্রতিদিনই ক্যাশে লক্ষাধিক টাকার মতো থাকত। শনিবার দিবাগত রাত ২টার দিকে একদল ডাকাত মুখোশ পরে দোকানে হানা দেয়। তাঁরা ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে আমির উদ্দিন বাধা দেন। এ সময় আমির উদ্দিনকে ছুরিকাঘাত করলে তিনি চিৎকার করেন। তাঁর চিৎকারে স্বজনেরা এসে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। এ সময় স্বজনদের কাছে তিনি দুই খুনির নাম বলেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আব্দুল হাই বলেন, আমির উদ্দিন তাঁর স্বজনদের কাছে খুনিদের নাম বলে গেছেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, মজনু মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed