Main Menu

হবিগঞ্জে তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ধল গ্রামে দু’টি ইজিবাইকের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত পৌণে ১০টার দিকে লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানার চেষ্টা চলছে। রাত পৌণে ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে কোন রাবার বুলেট বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়নি।

সদর আধুনিক হাসপাতালে আগত আহত ও স্থানীয়রা জানান, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দু’টি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে তারা একে অপরের উপর চড়াও হন। এ খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষ নিয়ে দু’টি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হন।

Share





Related News

Comments are Closed