Main Menu

আবারও পিছিয়েছে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

বৈশাখী নিউজ ডেস্ক: আবারও পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ। রোববার (১৩ আগস্ট) সকালে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পি এম শাহাদাৎ হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও তিন আসামী ও সাক্ষীরা উপস্থিত না থাকায় তারিখ পিছিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী সরোয়ার আহমদ আবদাল বলেন, মামলার তিন আসামীকে অন্য মামলায় ফাঁসির আদেশ দিয়েছিলেন আদালত। তারা ঢাকার কারাগারে আছেন। এই তিন আসামীকে আদালতে হাজির করতে না পারায় ও সাক্ষীরা না আসায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর মজিদ খান এমপি বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা দায়ের করেন। এ ঘটনায় দায়ের করা মামলা তিন দফা তদন্ত করে সিআইডি। ২০০৫ সালে ১৮ মার্চ প্রথম দফায় শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতিসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দেয় তারা। এর বিরুদ্ধে আদালতে নারাজি দেন বাদী মজিদ খান। ২০০৭ সালে মামলাটি পুনঃ তদন্তের জন্য আবারো সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১১ সালের ২০ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ ২৪ জনকে আসামী করে অধিকতর তদন্তের অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরের ২৮ জুন শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া সেই অভিযোগপত্রের উপরও নারাজি আবেদন করেন। সর্বশেষ ২০১৪ সালের ১২ নভেম্বর সিআইডি সিলেট রেঞ্জের সিনিয়র এএসপি মেহেরুন নেছা পারুল সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এছাড়া ২০২০ সালের ২২ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় (নং-২৩/০৫)২৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

Share





Related News

Comments are Closed