Main Menu

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুন) বিকেল ৪টার দিকে নগরীর নাইওরপুল ট্রাফিক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিক আহমদ (৬২) সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার ৭৩ নং বাসার মৃত আব্দুল হাসিম এর তয় পুত্র। তিনি কাতার প্রবাসী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক মোটরসাইকেল আরোহী নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে পৌঁছামাত্র দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে তাৎক্ষণিকভাবে নাইওরপুল পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার সোবহানিঘাট ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, কুমারপাড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক (যশোর-ট ১১-৪৯৯১) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (সিলেট মেট্রো-হ ১১-১৪১৯) চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পর পথচারীরা ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।

উল্লেখ্য, সিলেট নগরীতে রাত ১০টার পর ট্রাক চলাচলের নির্দেশনা থাকলেও প্রতিদিন দিনের বেলা ট্রাক চলাচল করতে দেখা গেছে। আজও এর ব্যতিক্রম হয়নি। বিকেল ৪টার দিকে বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ গেলো এক ব্যক্তির। সিলেট নগরের মধ্যে ট্রাক চাপায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন সময় নগরের ভেতর দিয়ে ট্রাক চলাচল বন্ধের দাবি উঠলেও বন্ধ হয়নি ট্রাক চলাচল। এতে ক্ষোভপ্রকাশ করেছেন নগরের বাসিন্দারা। অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করেই দিনের বেলা ও রাতে নির্ধারিত সময়ের আগেই নগরীতে ট্রাক চলছে।

Share





Related News

Comments are Closed