Main Menu

বালাগঞ্জে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রতিবেশী এক যুবকের ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন।

সোমবার (১২ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বনগাঁও গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম আতিকুর রহমান (২৫)। তিনি বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের পুত্র এবং সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সকালে আতিকুর রমান একটি বিদ্যালয়ে ইন্টারভিউ শেষ করে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেন।

এরপর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুরের ভাই এবাদুর রহমান বলেন, আতিকুর রহমান সিলেটে থাকেন। সোমবার বিকেলে তিনি বাড়িতে আসেন। তাঁর আরেক ছোটভাই মতিউর রহমানকে গ্রামের নজরুল ইসলাম নামের এক যুবক তাঁদের বাড়ির রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছিলেন। এটা নিয়ে আতিকুর রহমানের সঙ্গে তাঁর তর্ক হয়েছিল। এর জের ধরে কয়েকজন যুবককে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছেন নজরুল ইসলাম।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে বাড়ির প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমরা দুইজনকে আটক করেছি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।

Share





Related News

Comments are Closed