সিলেটের শীর্ষ আলেম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) এর মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১৭ মে) মাগরিবের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৮ মে) বেলা আড়াইটায় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে।
জানা যায়, বুধবার দিনে কোম্পানীগঞ্জে কয়েকটি মাহফিলে তিনি অংশগ্রহণ করেন। সন্ধ্যার আগে তিনি ফিরে আসেন দরগাহ মাদ্রাসায়। সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জুনাইদ কিয়ামপুরী। বর্তমানে হুজুরের মরদেহ দরগাহ মাদরাসায় রাখা হয়েছে।
তিনি জানান প্রিয় শায়খের মৃত্যু সংবাদ বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরাগীরা ভীড় জমাতে শুরু করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অজস্র ছাত্র-শিক্ষক, ভক্তবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি ১৯৬৯ সাল থেকে শিক্ষাকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র অন্যতম সদস্য।
সংক্ষিপ্ত জীবনী: মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি ১৯৪৭ সালের ৮ জানুয়ারি সিলেটের কানাইঘাটের গাছবাড়ি ডাকনাইল দক্ষিণ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা মুহাম্মদ ইসহাক রহ.।
গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জনের পর মাজাহিরুল উলূম আকুনি মাদরাসায় সানাবিয়া ৩য় বর্ষ পর্যন্ত পড়াশুনা করেন। অতঃপর জালালাইন ও মিশকাত জামাত জামেয়া দারুল উলূম কানাইঘাটে অধ্যয়ন শেষে ঐতিহ্যবাহী জামেয়া হুসাইনিয়া আরাবিয়া রানাপিং -এ মাওলানা রিয়াসত আলী চৌঘরী রহ. ও মাওলানা তাহির আলী তৈপুরী রহ. –এর কাছে দাওরায়ে হাদিস পড়েন। অতঃপর দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসায় ভর্তি হয়ে ১৯৬২ ঈসায়িতে পুনরায় তাকমীল ফিল হাদিস সম্পন্ন করেন। এর পাশাপাশি তিনি হাটহাজারিতে ফেক্বাহ, তাফসীর, আদব ও মানতিক বিষয়ে পড়াশুনা করেন।
১৯৬৯ সালে দারুল উলূম হুসাইনিয়া দরগাহপুর পাথারিয়া মাদরাসায় যোগদানের মাধ্যমে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষকতা জীবনের শুরু হয়। ১৯৭৩ সালে জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হজরত শাহজালাল রহ. সিলেটে তিনি যোগদান করেন। এরপর থেকে এখানেই তিনি পর্যায়ক্রমে সদর মুদাররিস, শিাসচিব, শায়খুল হাদিস ও মুহতামিম হিসেবে দায়িত্বরত অবস্থায় ইন্তেকাল করেছেন।
মাওলানা শায়খ জিয়া উদ্দীন এর শোক;
আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ও দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ মাওলানা জিয়া উদ্দীন।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন- মরহুম গাছবাড়ি রাহ. সিলেটের ইলমী অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দ্বীনী শিক্ষার বিস্তার, ইসলামী তাহযীব-তামাদ্দুনের সংরক্ষণ এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে সিলেটবাসী একজন দরদী অভিভাবক হারালো।
শায়খ জিয়া উদ্দীন মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসএমসিসিআই এর শোক;
দরগাহ মাদ্রাসার মুহতামিম প্রখ্যাত আলেমে দীন প্রবীন মুরব্বি হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী হুজুরের মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর শোক প্রকাশ করেছেন।
এসএমসিসিআই এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এক শোকবার্তায় এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন, দরগাহ মাদ্রাসার মুহতামিম প্রখ্যাত আলেমে দীন প্রবীন মুরব্বি হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী হুজুরের অকাল মৃত্যুতে সিলেট তথা সমগ্র জাতি একজন প্রখ্যাত দ্বীনে আলেমকে হারালো। জাতি একজন প্রবীন মুরব্বিকে হারালো। তিনি ছিলেন সিলেট তথা মুসলিম সমাজের একজন অভিবাবক। তাঁর এই শুণ্যস্থান অপুরণীয়। মরহুমের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed